ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ওই সংঘর্ষ ঘটে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মামুনুর রশীদ ১২২ জন চাকরি প্রত্যাশীর নিয়োগ নিশ্চিত করে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিয়ে উপাচার্যের বাসভবন থেকে বেরিয়ে আসছেন। এমন খবর পেয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে মারধর করেন।


এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে আনতে গেলে সেখানে সংঘর্ষের ঘটনার ঘটে। এরপর দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাবি ভিসি আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২২ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা করে। এ ঘটনার পর রাবি ছাত্রলীগ ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা ভিসির ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের এডিসি মো. একরামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম লুৎফর রহমানকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑